রাঙ্গামাটি প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষায় রাঙ্গামাটির বিএফডিসি কেন্দ্রের স্থাপনাগুলো দ্রুত আধুনিকায়ন করা হবে। এতে শুধু রাঙ্গামাটি নয়, সারাদেশের মৎস্য খাতের কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।’
রবিবার(২৬ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ‘মৎস্য সম্পদ বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু এত গুরুত্বপূর্ণ খাতের অবকাঠামো এখনো বেশ জরাজীর্ণ। বিনিয়োগ ছাড়া এ অবস্থার পরিবর্তন সম্ভব নয়। আমরা চাই, বিএফডিসির ল্যান্ডিং স্টেশন ও প্রসেসিং সেন্টারগুলো আধুনিকায়নের মাধ্যমে এই খাতকে আরও এগিয়ে নিতে।’
তিনি আরও বলেন, ‘যদি এই স্থাপনাগুলো আধুনিক করা যায়, তাহলে এখান থেকেই মাছ প্রক্রিয়াজাত করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত সরবরাহ করা সম্ভব হবে।’
নির্বাচন ও বৈদেশিক চাপ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘কে কী বলছে, সেসব নিয়ে আমরা ভাবছি না। শোনা কথা নিয়ে মন্তব্য করা আমাদের জন্য ঠিক না। আমি নিজের কাজ করে যাচ্ছি এবং নির্বাচন পর্যন্ত কাজ করে যাব।’
পরিদর্শনকালে কেন্দ্রের জরাজীর্ণ ভবন ও অবকাঠামোর অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন ফরিদা আখতার। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে এ কেন্দ্রটি দেশের মৎস্য সংরক্ষণ, আহরণ ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু স্থাপনাগুলোর অবস্থা সন্তোষজনক নয়। তাই এগুলো সংস্কার ও উন্নয়নে সরকার অগ্রাধিকার দেবে।’
পরিদর্শন শেষে উপদেষ্টা বিকেলে জেলা প্রশাসকের বাংলো সংলগ্ন অভয়াশ্রম ও বিএফডিসির সংরক্ষিত এলাকা ঘুরে দেখেন। সেখানে তিনি মাছের প্রজনন, সংরক্ষণ কার্যক্রম ও জেলেদের অংশগ্রহণ সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মী, পরিচালক (অর্থ) মো. বদরুল হক, রাঙ্গামাটির পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, বিএফডিসি রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম ও স্থানীয় মৎস্য ব্যবসায়ী সংগঠনের নেতারা
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা