রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশরের (জেইসি) নবম সভা শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক এই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন।
ঢাকার আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকালে শুরু হওয়া বৈঠকে বাংলাদেশের ১৫ সদস্যের এবং পাকিস্তানের ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে।
বৈঠকের এজেন্ডায় দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
এর আগে ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে জেইসি বৈঠকে অংশ নিয়েছিল বাংলাদেশ। এদিকে, রবিবার তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। ঢাকার এই সফরে তিনি জেইসি বৈঠক ছাড়াও একাধিক সৌজন্য সাক্ষাতেও অংশগ্রহণ করবেন।
রিপোর্টার্স২৪/ঝুম