রিপোর্টার্স২৪ ডেস্ক : অবশেষে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ জমা দিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের কাছে এ সুপারিশপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
এর আগে সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ড. মুহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, আরও ৬ সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
বৈঠকে কমিশন সদস্যরা অন্যান্য সংস্কার কমিশনগুলোর দেওয়া প্রস্তাবনাগুলোও দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এসময় ড. ইউনূস কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদানের আগ পর্যন্ত সমস্ত নথিপত্র, বৈঠকের ভিডিও, অডিও এবং ছবি রাষ্ট্রীয় সংরক্ষণাগারে সংরক্ষণের নির্দেশ দেন।
উল্লেখ্য, ১৭ অক্টোবর জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি-জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট। দুই দিন পর এতে যোগ দেয় গণফোরাম। তবে এনসিপিসহ কয়েকটি বাম দল এখনও সই করেনি।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক বসে গত ১৫ ফেব্রুয়ারি, যেখানে সনদ বাস্তবায়নের প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম