যশোর প্রতিনিধি : যশোর সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজি ও ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) যশোর সদর উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শারমিন আক্তার। তিনি বলেন, “কৃষি আমাদের অর্থনীতির মূল ভিত্তি। দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টির চাহিদা পূরণ ও কৃষকের জীবনমান উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের নিরাপদ ফসল উৎপাদনে মনোযোগী হতে হবে এবং যথাযথভাবে সার ও কীটনাশক ব্যবহার করতে হবে। এতে উৎপাদন খরচ কমবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।
সদর উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান প্রমূখ।
স্বাগত বক্তব্যে সদর উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা বলেন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩ হাজার ৭৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজি, বসতবাড়ি ও মাঠে চাষাবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী ও অড়হর বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন