রিপোর্টার্স২৪ ডেস্ক : দেশের অন্যতম মিঠাপানির রুই জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে অর্ধগলিত একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। প্রায় ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির ওজন ছিল প্রায় ২০ কেজি। বয়স আনুমানিক ১২ বছর।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, বার্ধক্যের কারণে মাছটির মৃত্যু হয়েছে। মাছটির শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে হালদা নদীর আজিমের ঘাট এলাকা থেকে মরা মাছটি উদ্ধার করেন নদীর পাহারাদার রওশনগীর আলম। এর মধ্যে রাত সোয়া ১২টার দিকে ওই মৎস্য কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে মরা মাছটির সুরতহাল সম্পন্ন করেন। তবে শরীরের অর্ধেকেরও বেশি পচে যাওয়ায় সুরতহালের সময় অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ভালোভাবে পরীক্ষা করাও যায়নি বলে মৎস্য কর্মকর্তা জানিয়েছেন।
কাতলা মাছটি কমপক্ষে দুই-তিন দিন আগে মারা গেছে বলে অনুমাণ করেছেন সংশ্লিষ্টরা। পচে অনেকাংশে বিকৃত হয়ে যাওয়া মাছটির সুরতহালে এটি একটি পুরুষ মাছ বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সুরতহাল শেষে হালদা নদীর পারে অর্ধগলিত মাছটি স্থানীয়দের সহযোগিতায় মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/আরকে