রাঙ্গামাটি প্রতিনিধি: ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষ্যে রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে ডিউটিতে নিয়োজিত সদস্যদের এ ব্রিফিং দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘দানোত্তম কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব। এ আয়োজনকে নিরাপদ, শান্তিপূর্ণ ও সফল করতে জেলা পুলিশের প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ জেলা পুলিশ ও এপিবিএন ইউনিটের কর্মকর্তারা ও সদস্যরা।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা