স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে এ প্রতীক যুক্ত করা হয়। ইসির ১০২ নম্বর প্রতীক হিসেবে শাপলা কলি যুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত গেজেটে স্বাক্ষর করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল। এর আগে সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার আহমেদ জানিয়েছিলেন, ইসির বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। কমিশন নিজ বিবেচনায় নতুন একটি প্রতীক নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে বলেও তখন তিনি জানান।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২-এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো।
এতে আরো বলা হয়, ‘উপরিউক্ত বিধিমালার বিধি ৯-এর উপ-বিধি (১)-এর পরিবর্তে নিম্নরূপ উপবিধি (১) প্রতিস্থাপিত হবে। এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।’
প্রকাশিত গেজেটটি দেখতে ক্লিক করুন
রিপোর্টার্স২৪/ধ্রুব