রিপোর্টার্স ২৪ডেস্ক: এখন থেকে ওমরাহ ভিসার মেয়াদ তিন থেকে কমিয়ে একমাসে আনা হবে। পরের সপ্তাহেই নতুন এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (৩১ অক্টোবর)এ খবর জানিয়েছে আল আরাবিয়া সংবাদমাধ্যম ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ওমরাহ ভিসার সংশোধিত নিয়ম অনুযায়ী, ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনও ব্যক্তি সৌদি আরবে প্রবেশের জন্য নাম নথিভুক্ত না করেন, তাহলে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
এক বিবৃতিতে বলা হয়, ওমরাহযাত্রীদের জন্য প্রক্রিয়া সহজ করা ও সেবার পরিধি বৃদ্ধি প্রচেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তবে হজ করতে সৌদি আরবে পৌঁছানোর পর সেখানে থাকার মেয়াদ আগের মতই তিন মাস থাকবে। এতে কোনও পরিবর্তন হবে না।
ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেন, ওমরাহ পালনকারীর চাপ সামলানোর জন্য মন্ত্রণালয়ের প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে গ্রীষ্মের মৌসুম শেষ হওয়া ও মক্কা ও মদিনায় তাপমাত্রা কমার পর ওমরাহ যাত্রীদের ভিড় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি