বরগুনা জেলা প্রতিনিধি : গল্প করতে করতে চাঁদের সাথে হেটেছেন কখনো? কিভাবে জোয়ার-ভাটা হয় ভেবেছেন? মহাকাশ কত বিশাল চিন্তা করেছেন? এমন কতো কতো ভালো লাগা আর জিজ্ঞাসা আমাদের এই মহাকাশকে ঘিরে। রহস্যময় মহাকাশ অনেক বেশি রোমাঞ্চকর। মহাকাশে একটু উঁকি দিতে ইচ্ছা হয় সবারই। তাই এবার ৫ম বারের মতো মহাকাশ ক্যাম্প প্রদর্শনের আয়োজন করা হচ্ছে বগুড়ায়।
দেশের সর্ববৃহৎ মহাকাশ ক্যাম্পের আয়োজন করেছে বরগুনা সাইন্স সোসাইটি (বিএসএস)। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বরগুনা সার্কিট হাউজ মাঠে দুই দিনব্যাপী এ মহাকাশ ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর মাসুদুর রহমান, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ রিংকু, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ ও বরগুনা সাইন্স সোসাইটি’র সভাপতি আকিল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান জাদুঘরের উর্ধ্বতন কর্তৃপক্ষসহ বরগুনার তরুণ শিক্ষার্থীরা এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বরগুনা সাইন্স সোসাইটি’র সভাপতি আকিল আহমেদ বলেন, বিগত বছরের মহাকাশ ক্যাম্প আয়োজনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আপ্লুত করেছে, সাহস যুগিয়েছে। তাই এবার আরো বড় পরিসরে "মহাকাশ ক্যাম্প-২০২৫" আয়োজন করেছি। জাতীয় পরিসরে মহাকাশ প্রেমীদের কাছে পৌঁছেছে বরগুনার নাম। ইনশাল্লাহ এবারের আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের মহাকাশ প্রেমীরা যুক্ত হবেন আমাদের সাথে। মহাকাশ ক্যাম্পে এই মহাকাশের বিশালতা, আজব সব কারবার নিয়ে আপনার জিজ্ঞাসা, আপনার প্রশ্নের উত্তর যেমন পাবেন একই সাথে সুযোগ পাবেন কিছুক্ষণের জন্য মহাকাশে “ঢু” মারার। এবারের আয়োজন আরো বড়, আরো বেশি রোমাঞ্চকর হবে।
এবারের আয়োজনে থাকছে, টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ, থ্রি-ডি মুভি শো, ভিআর শো, উল্কা পতন পর্যবেক্ষণ, রোবো সকার (অন স্পট-সকলের জন্য উন্মুক্ত), ডোন্ট বাজ দ্যা ওয়্যার (অন স্পট-সকলের জন্য উন্মুক্ত)। হবে স্পেস অলিম্পিয়াড (অন স্পট-সকলের জন্য উন্মুক্ত) প্রতিযোগিতা।
রিপোর্টার্স২৪/এসএন