রিপোর্টার্স ২৪ ডেক্স: বাংলাদেশ জামায়াতে ইসলামীর উঠান বৈঠকে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় জামায়াতের অন্তত ৮ জন কর্মী আহত হয়েছে। শনিবার বিকেলে নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে । এসময় বেশকিছু চেয়ার ভাংচুর করা হয়েছে।
প্রতিবাদে ওই এলাকার জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা মিছিলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে ।
জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে জামায়াতে ইসলামীর স্থানীয় শাখার আয়োজনে পশ্চিমপাড়ার মাঝামাঝি রাস্তায় একটি উঠান বৈঠক হবার কথা ছিল। খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের নির্দেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ থেকে ১৫ জন লোক সেখানে হামলা চালায়। এসময় বৈঠকের চেয়ার ভাঙচুর এবং অংশগ্রহণকারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এতে জামায়াতের কর্মী সহ ৮ জন আহত হন।
জামায়াতের আড়াইহাজার দক্ষিণ শাখার আমীর মাওলানা হাদিউল ইসলাম জানান,আমাদের বৈঠকে বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জিলানী বলেন, জামায়াতের সঙ্গে আমাদের কোনো সমস্যা হয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আমাদের হালকা ধস্তাধস্তি হয়েছে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুউদ্দিন জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স ২৪/জয়