শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও দক্ষতা বিকাশের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার ফুলকলি বিদ্যানিকেতন স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শ্রীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম রায়হানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
কুসুমকলি বিদ্যানিকেতনের শতাধিক শিক্ষার্থী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কুইজের পাশাপাশি দেশপ্রেম, সাহিত্য ও সংস্কৃতিমূলক গান, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলকে প্রাণবন্ত করে তোলে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিনটি ক্যাটাগরিতে ১০ জনকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। পরে বিজয়ীদের হাতে শিক্ষা উপকরণ ও সম্মাননা তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ হাফেজ শরিফুলের পিতা শুক্কুর আলী ও আহত জুলাই যোদ্ধার পিতা মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আবু রায়হান মিসবাহ, যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট কামরুল ইসলাম, গাজীপুর জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আসাদুল ইসলাম ইমন, সদস্য সুমন এবং কুসুমকলি বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা শওকত ইসলাম সেলিম।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে প্রতিযোগিতাটি উপভোগ করেন।
রিপোর্টার্স২৪/আরকে