প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 03-11-2025 ইং
সংবাদ শিরোনামঃ ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত
ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহ সদর উপজেলার ১২ নম্বর দোগাছি ইউনিয়নের কলোমনখালি গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কলোমনখালি গ্রামে নাঈম গ্রুপ ও আসাদ গ্রুপের মধ্যে সামাজিক আধিপত্য ও প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গ্রাম্য সামাজিক ও রাজনৈতিক প্রভাব, এলাকা নিয়ন্ত্রণ ও নেতৃত্বের বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়ে চলেছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। লাঠি-সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। এতে অন্তত ৬ জন আহত হন।
আসাদ গ্রুপের আহত ব্যক্তিদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি আছেন—তিনি সৈয়দ আলী মোল্যার ছেলে গোলাম রসুল (৬০)। বর্তমানে আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষের পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।