রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের তেলেঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই ঝরে গেছে বহু প্রাণ। সোমবার (৩ নভেম্বর) সকালবেলায় রাজ্যের রাঙ্গা রেড্ডি জেলায় হায়দরাবাদ–বিজাপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয় এবং অনেক যাত্রী আহত হন।
পুলিশ জানিয়েছে, তান্দুর থেকে হায়দরাবাদগামী তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা খেলে সৃষ্টি হয় মর্মান্তিক পরিস্থিতি। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, ট্রাকের পাথর ও কঙ্কর বাসের ভেতর ঢুকে যাত্রীদের ওপর পড়ে; ঘটনাস্থলেই বহু মানুষ চাপা পড়ে মারা যান।
নিহতদের মধ্যে একটি ১০ মাসের শিশু, অন্তত ১০ জন নারী এবং দু’টি গাড়ির চালকরাও রয়েছেন। গুরুতর আহত অনেককে দ্রুত স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে হৃদয়বিদারক দৃশ্য—ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বাঁচার আকুতি, অসহায় চিৎকার। যাত্রীদের উদ্ধার করতে উদ্ধারকর্মীরা বাসের অংশ কেটে ফেলতে বাধ্য হন। বিশেষ করে চালকের আসনের পেছনের ছয় সারির যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন; তাদের অধিকাংশ ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি গভীর শোক প্রকাশ করেন এবং দ্রুত উদ্ধার কাজ পরিচালনার নির্দেশ দেন। পরিবহনমন্ত্রী পোন্নাম প্রভাকর দুর্ঘটনার কারণ জানতে পরিবহন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে জরুরি বৈঠক করেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেন।
এদিকে বিরোধী দল বিএআরএসের কার্যনির্বাহী সভাপতি কে টি রামা রাও নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সরকারকে জরুরি সহায়তা দিতে হবে এবং প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে বিশেষায়িত সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, কীভাবে এমন দুর্ঘটনা ঘটল—তার জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত। সূত্র: এনডিটিভি
রিপোর্টার্স২৪/ঝুম