কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে পোষনা গ্রামে ঘুমন্ত বৃদ্ধার ওপর নৃশংস হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়ে গেছে বৃদ্ধার ঘনিষ্ঠ স্বজন, ভাগ্নে ও চাচাতো ভাই।
এ সময় বৃদ্ধার মাথায় ধারালো খুর দিয়ে আঘাত করে তারা। গুরুতর অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাতে খাবার শেষে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধা মা। রাত প্রায় ১০টার দিকে ঘরের সিঁড়ি বেয়ে ভেতরে প্রবেশ করে তার ভাগ্নে আনোয়ার হোসেন (৩৮) ও চাচাতো ভাই লিমন (২৫) পরিকল্পিতভাবে ধারালো খুর দিয়ে মাথায় একাধিক আঘাত করে। রক্তাক্ত হয়ে নিস্তেজ হয়ে পড়লে তার শরীর থেকে প্রায় আট আনা স্বর্ণালঙ্কার (মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা) ও নগদ ৪ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। বৃদ্ধার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগীর ছেলে লাভলু বলেন, আমার মাকে তারা পরিকল্পিতভাবে হত্যা করতে চেয়েছিল। জ্ঞান ফিরতে দেরি হলে আজ হয়তো আমরা মায়ের লাশই ঘরে পেতাম।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
কালিহাতী থানার এসআই আসাদ জানান, এ ঘটনার প্রধান আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে, পলাতক লিমনকে ধরতে অভিযান চলছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসএন