রিপোর্টার্স ২৪ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে জামায়াত আমির দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। এবং আমিরে জামায়াত তার বিদেশ সফরের নানা দিক নেতাদের সামনে তুলে ধরেন। তার সফর দেশ ও জাতির জন্য ফলপ্রসূ হওয়ায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানোসহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয় ।
বৈঠকে বলা হয়, কেউ কেউ গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠানের মতো একটি ধারণা পোষণ করছেন। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে গণভোটের গুরুত্ব মারাত্মকভাবে হ্রাস পাবে। এটি গণভোট প্রক্রিয়াকে অনিশ্চয়তায় ফেলবে। জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে গণভোট আয়োজনের বিষয়ে সরকার গড়িমসি করছে, যা জাতির জন্য উদ্বেগজনক।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান, সরকার যেন অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে এবং আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করে। পাশাপাশি, ওই গণভোটের ফলাফলের আলোকে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে।
রিপোর্টার্স ২৪ / জয়