রিপোর্টার্স২৪ ডেস্ক:প্যারিসে আলো ঝলমলে রাত, গ্যালারিতে উত্তেজনার ঢেউ—কিন্তু মাঠের নিষ্ঠুর বাস্তবতায় দিশেহারা পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ম্যাচে দশ জন নিয়ে খেলে পিএসজির মাঠে ২–১ গোলের দুর্দান্ত ও নাটকীয় জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচজুড়ে উত্তেজনা, গোল, লাল কার্ড আর ইনজুরি—সব মিলিয়ে রোমাঞ্চে ভরপুর ছিল পুরো ম্যাচ।
শুরুর বাঁশি বাজতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বায়ার্ন। মাত্র চার মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ। পিএসজির রক্ষণভাগের ভুল ধরিয়ে আবারও গোল করে ৩১ মিনিটে লিড দ্বিগুণ করেন তিনি। দুই গোলেই তাতার মতো বিদ্ধ হন লুইস এনরিকের ডিফেন্স।
কিন্তু প্রথমার্ধের শেষ দিকে বদলে যায় ম্যাচের চিত্র। পিএসজি ডিফেন্ডার হাকিমি বল ধরে এগোচ্ছিলেন—এমন সময় বেপরোয়া ঢোকে দিয়াজ। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্ন তারকা। আর গুরুতর চোট পেয়ে কাঁদতে কাঁদতে সাইডলাইনে যান মরক্কোর অধিনায়ক হাকিমি—তার আফ্রিকা কাপ অব নেশন্সে খেলা এখন শঙ্কায়।
এক খেলোয়াড় কম নিয়ে দ্বিতীয়ার্ধে পুরোটা সময় লড়াই করে বায়ার্ন। ৭৪ মিনিটে জোয়াও নেভেসের দুর্দান্ত শটে ম্যাচে ফেরার আশা জাগায় পিএসজি, কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি তারা। বায়ার্ন গোলপোস্ট পাহারা দেন রক্ষণ আর মাঝমাঠের শৃঙ্খলায় দুর্দান্তভাবে।
হ্যারি কেইন গোল না পেলেও তার উপস্থিতি ও নেতৃত্ব দলের জয় নিশ্চিত করে। বিপরীতে পিএসজির দুর্ভাগ্য যেন থামছেই না। ফরাসি তারকা উসমান দেম্বেলে প্রথমার্ধে হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন, যা এনরিকের শিবিরে নতুন দুঃসংবাদ।
এই জয়ে গ্রুপের শীর্ষে অবস্থান আরও পোক্ত করল বায়ার্ন। অপরাজেয় ধারায় অটুট জার্মান জায়ান্টরা। অন্যদিকে, চোট আর অনিশ্চয়তার ঘূর্ণিতে পড়ে গেলো পিএসজিসমর্থকদের হতাশা এখন আকাশছোঁয়া।
রিপোর্টার্স২৪/ঝুম