রিপোর্টার্স২৪ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান নির্বাচন করতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিএনপির মনোনয়ন নিয়ে ঝিনাইদহ-১ আসন থেকে ভোটে অংশ নেবেন।
বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল চেয়ে করা আপিলের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমি ভোট করব। বিএনপির কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাব।’এ সময় তিনি আরও জানান, এখনো অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করলেও উপযুক্ত সময়ে পদত্যাগ করবেন।
অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে মোহাম্মদ আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে সেই পদ ছেড়ে তিনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।
এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নাম উল্লেখ করে তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়।
তার ভাষায়, “রায় ঘোষণার পর রায় পরিবর্তন করা দণ্ডবিধির ২১৯ ধারার আওতাভুক্ত অপরাধ। একটি রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল।”
তিনি আরও বলেন, আপিল বিভাগের আসন্ন রায় দেশের গণতন্ত্র ও আগামী প্রজন্মের জন্য মাইলফলক হয়ে থাকবে।
রিপোর্টার্স২৪/আরকে