শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শরীয়তপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও অসহায়দের মাঝে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিল সেনাবাহিনী সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত শরীয়তপুর স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনীর সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসক দল উপস্থিত ছিলেন। তারা সাধারণ রোগ নির্ণয়, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করেন।
বিভিন্ন উপজেলা থেকে আগত অসংখ্য মানুষ এ সেবামূলক কার্যক্রমে অংশ নেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজক কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং মানবিক সহায়তা নিশ্চিত করা।
স্থানীয়রা বলেন, গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য এই মেডিকেল ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা ও রোগ প্রতিরোধ বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। সেনাবাহিনীর এ উদ্যোগে স্থানীয়দের মাঝে উৎসবমুখর ও সন্তুষ্টির পরিবেশ সৃষ্টি হয়।
রিপোর্টার্স২৪/ঝুম