ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লাকে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় কয়েকজন যুবক। বুধবার বিকেলে জেলা শহরের এলজিইডি অফিস চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অফিস থেকে বের হওয়ার সময় একদল যুবক শামিম মোল্লার ওপর চড়াও হয়। তারা কিল-ঘুষি মেরে রক্তাক্ত করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শামিম মোল্লাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন বলেন, অফিস থেকে বের হওয়ার পর কয়েকজন যুবক হঠাৎ করে তার ওপর হামলা চালায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামিম হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় টেন্ডারবাজি, সরকারি সম্পদ দখল ও নানা অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ দীর্ঘদিনের।
উল্লেখ্য, গত ১৩ জুলাই শামিম মোল্লাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়। পরে ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “শামিম হোসেন মোল্লাকে মারধরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করেছি। তার নামে সদর থানায় কোনো মামলা নেই। তাকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।”
রিপোর্টার্স২৪/এসএন