নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার বারহাট্টা উপজেলার কাকুড়া বাজার এলাকায় ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। আটক পণ্যের মূল্য কোটি টাকারও বেশি বলে জানা গেছে। এ ঘটনায় ভ্যানচালক ইব্রাহিম (২৫) ও তার সহকারী সাব্বিরকে (১৯) আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, কাকুড়া বাজার এলাকায় সন্দেহজনকভাবে একটি কাভার্ড ভ্যান চলাচল করছিল। স্থানীয়দের সহায়তায় ভ্যানটি আটক করে থানায় আনা হয়। পরে ভ্যানে থাকা চালক ও তার সহকারীকে আটক করা হয়। ভ্যানে ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য রয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জব্দকৃত পণ্যের মূল্য আনুমানিক কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সঠিক পরিমাণ ও মূল্য নির্ধারণের কাজ চলছে। পরবর্তীতে থানায় মামলা দায়ের করে আটকদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
রিপোর্টার্স২৪/এসএন