সিনিয়র রিপোর্টার: গ্রাহকদের ৮৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত।
এর আগে তাকে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।
অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি তার জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঋণ অনুমোদন করে এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত ১৭ আগস্ট ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
এই মামলায় এর আগে অপর আসামি ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ২০২৪ সালের ১ অক্টোবর গুলশান থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অন্য আসামিরা হলেন: মদিনা ডেটস অ্যান্ড নাটসের প্রোপ্রাইটর মোজাম্মেল হোসাইন, এক্সিম ব্যাংকের মো. আসাদ মালেক, মোসা. জেবুন্নেসা বেগম, কাওসার আহমেদ, মোহাম্মদ আরমান হোসেন, মো. আনিছুল আলম, মো. ইছরাইল খান, মো. মঈদুল ইসলাম, মাকসুদা খানম, মো. জসিম উদ্দিন ভূঁইয়া, শাহ মো. আব্দুল বারি এবং মো. হুমায়ুন কবীর।
এ ছাড়াও রয়েছেন মো. নজরুল ইসলাম স্বপন, মো. আব্দুল্লাহ, মো. নুরুল আমিন, অঞ্জন কুমার সাহা, মো. নাজমুস ছালেহিন (সাবেক স্বতন্ত্র পরিচালক) এবং মিয়া মোহাম্মদ কাওছার আলম (সাবেক স্বতন্ত্র পরিচালক)।
রিপোর্টার্স২৪/এসসি