রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা জুবিন গার্গের প্রয়াণের দুই মাসের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তার স্ত্রী গরিমা গার্গ। বর্তমানে তিনি গুয়াহাটির এক হাসপাতালে চিকিৎসাধীন।
আসামের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ঠিকমতো খাওয়া-দাওয়া না করার কারণে শরীরে পানির অভাব, ফলে গরিমা চরম দুর্বল হয়ে পড়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার রক্ত পরীক্ষা, আল্ট্রাসাউন্ড ও ইসিজি সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসক ব্রোজেন লাখোর তত্ত্বাবধানে আছেন। শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হওয়ায় এখনই তাকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হচ্ছে না।
রই রই বিনালে’ মুক্তি ও জুবিনের স্মৃতি গরিমা জুবিনের শেষ ছবির মুক্তির কাজে নিবেদিতপ্রাণ ছিলেন। ছবিটি মুক্তি পেয়েছে ৩১ অক্টোবর, এবং শুধুমাত্র অসমেই নয়, কলকাতা, মুম্বাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও দিল্লিতেও চলছে। রাজ্য সরকার ছবিটি করমুক্ত ঘোষণা করেছে এবং প্রাপ্ত জিএসটি অর্থ জুবিন ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হয়েছে।
জুবিন এই ছবিতে একজন অন্ধ সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। গল্প, গান ও কনসেপ্ট—সবই তার নিজস্ব সৃষ্টিতে ভরপুর। প্রয়াণের আগে তিনি ছবির মুক্তির তারিখও নির্ধারণ করেছিলেন।
প্রেক্ষাগৃহগুলোতে অন্য ছবির প্রদর্শন বন্ধ করে শুধুমাত্র ‘রই রই বিনালে’ চলছে, এবং টিকিট বিক্রি হু-হু করে বাড়ছে। বক্স অফিসে ছবিটি ইতিমধ্যেই একাধিক রেকর্ড গড়ার ইঙ্গিত দেখাচ্ছে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা গরিমার দ্রুত আরোগ্য কামনা করছেন।
রিপোর্টার্স২৪/ঝুম