কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা শাখা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের অভিযোগে তার পরিবার সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৮ নভেম্বর) বিকেলে কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব সিরাজুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার লিখিত বক্তব্যে জানান, গত মঙ্গলবার ৪ নভেম্বর শ্রীপুর থেকে আসা সাংবাদিকদ্বয়ের উপর হামলার ঘটনার কারণে তাঁর স্বামীর বিরুদ্ধে কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ওই সময় সিরাজুল ইসলাম বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নানের নির্বাচনী সমাবেশে খিরাটী, ঘাগটিয়া ও সনমানিয়া এলাকায় সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন এবং সমাবেশের লাইভ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।
তিনি আরও জানান, স্বার্থান্বেষী মহলের মিথ্যা তথ্যের ভিত্তিতে তাঁর স্বামীকে মিথ্যা ভাবে আসামি করা হয়েছে। এর ফলে স্বামীসহ পরিবারের মানহানি হয়েছে এবং তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি সংবাদ প্রচার ও অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে, মিথ্যা অভিযোগের সঠিক তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেছেন।
কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক অমিতাভ বলেন, মামলা তদন্তে দেখা গেছে সিরাজুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত নয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে শ্রীপুরের রেঞ্জ কর্মকর্তা এম এম রহমান রিপন ফেসবুকে জানান, ভুলেশ্বর মৌজার সরকারি বন থেকে শালগাছ কর্তনের সংবাদ সঠিক নয়, মূলত জোতভূমি থেকে গাছ কাটা হয়েছে। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ জানান।
রিপোর্টার্স২৪/আরকে