মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-২ (গাংনী) আসনের মনোনয়নপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের মনোনয়ন বাতিল ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে শনিবার (৮ নভেম্বর) বিকেলে দুই কিলোমিটার সড়ক জুড়ে বিক্ষোভ করলেন গাংনী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি বিকেল সাড়ে তিনটায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া থেকে শুরু হয়ে গাংনী বাজার বাসস্ট্যান্ডে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। র্যালির অংশ হিসেবে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের সামনের সড়কে শুয়ে সড়ক অবরোধও করা হয়।
র্যালিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, ‘অবৈধ মনোনয়ন মানি না, মানবো না’, ‘অপ্রত্যাশিত মনোনয়ন বাতিল চাই’ এবং ‘মিল্টন ভাইয়ের মনোনয়ন চাই’। নেতারা কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করে স্থানীয়ভাবে জনপ্রিয় ও ত্যাগী নেতা জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন-গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।
রিপোর্টার্স২৪/আরকে