গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের অবকাঠামো, শিক্ষা ও জনসেবার মান উন্নয়নে শতকোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
তিনি জানান, নগর উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে আগামী এক মাসের মধ্যেই প্রায় ১০০ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরের রাস্তা, ড্রেনেজ, জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে দৃশ্যমান উন্নয়ন সাধিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে তিনি সিটি কর্পোরেশনের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের জন্য নির্মাণাধীন শেড, মেঘনা মাঠে স্কুল ও খেলার মাঠ নির্মাণের অগ্রগতি, এবং 'প্রত্যাশা প্রকল্প'এর আওতাধীন বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ সরেজমিনে ঘুরে দেখেন প্রশাসক।
পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের মান বজায় রেখে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ সম্পন্নের নির্দেশনা দেন।
তিনি বলেন, গাজীপুর মহানগরকে আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব শহরে গড়ে তুলতে হলে উন্নয়ন প্রকল্পগুলোতে দক্ষতা, সততা ও জবাবদিহিতার সমন্বয় ঘটাতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো.আমিন আল পারভেজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ ও সুদীপ বসাক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন ও জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
পরে প্রশাসক সরফ উদ্দিন আহমেদ তুরাগ নদীর উত্তর তীরের অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং টঙ্গীর প্রস্তাবিত সিটি কর্পোরেশন স্কুল পরিদর্শন করেন। তিনি স্কুলটির নির্মাণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।
আরো জানান, সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকাতেও একটি নতুন স্কুল ও খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি