রিপোর্টার্স২৪ ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত বা হতাহত হয়নি।
পুলিশ জানিয়েছে, সোমবার (১১ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে মোটরসাইকেলযোগে দুই আরোহী এসে স্যার সৈয়দ রোডে অবস্থিত প্রতিষ্ঠানের ভেতরে একটি ককটেল নিক্ষেপ করেন এবং রাস্তার ওপর আরেকটি ককটেল ছুঁড়ে মারলে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের পর কেয়ারটেকার ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালের দিকে গলির ভেতরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টার ব্যবসায়িক প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
রিপোর্টার্স২৪/এসসি