রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচের টিকিট যেন হাতছাড়া হওয়ার আগেই শেষ! আজ দুপুর ২টায় অনলাইনে বিক্রি শুরু হয় এশিয়ান কাপ বাছাইয়ের এই বহুল প্রতীক্ষিত ম্যাচের টিকিট। আর মাত্র ৬ মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়।
১৮ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম ভারতের এই মহারণ। ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল আকাশচুম্বী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বলেন, মাত্র ছয় মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির টিকিট বুকিং শেষ হয়েছে। এখন গ্রাহকরা পেমেন্ট দিচ্ছেন, ইতোমধ্যে অর্ধেকের বেশি পেমেন্টও সম্পন্ন হয়েছে।”
তিনি আরও জানান, এখন শুধুমাত্র রেড বক্স ও হসপিটালিটি জোনের টিকিট বিক্রি চলছে। আগের ম্যাচগুলোতে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা, তবে ভারত ম্যাচের উত্তেজনায় বাফুফে তা বাড়িয়ে ৫০০ টাকা করেছে। দাম বাড়লেও চাহিদা একটুও কমেনি। বরং টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই ছুটেছেন সমর্থকরা।
টিকিট বিক্রি এত দ্রুত শেষ হলেও এখন পর্যন্ত ভক্তদের কোনো বড় অভিযোগ বা ভোগান্তির খবর মেলেনি। এর আগে ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ দিয়ে বাফুফে অনলাইন টিকিট বিক্রি শুরু করে। প্রথমদিকে টিকিফাই প্ল্যাটফর্মে ভোগান্তি থাকলেও পরে কুইকেট দায়িত্ব নিয়ে প্রক্রিয়াটি সহজ করে। অক্টোবরে ম্যাচের টিকিট ২০ মিনিটে শেষ হলেও এবার সেই রেকর্ড ভেঙে মাত্র ৬ মিনিটেই শেষ হয়েছে বিক্রি।
বাংলাদেশ দল ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। সে ম্যাচের টিকিট বিক্রি এখনো ধীর গতির হলেও বাফুফে আশা করছে— “হামজাও আসছে, তাই নেপাল ম্যাচের টিকিটও এবার উড়ে যাবে!”
রিপোর্টার্স২৪/ঝুম