সিরাজগঞ্জ প্রতিনিধি : শাহজাদপুরে মহাসড়কের পাশ থেকে ইমদাদুল সরকার (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সকালে বগুড়া -নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার তালগাছী করতোয়া নদী সংলগ্ন এলাকা থেকে নিহত ইমদাদুলের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমদাদুল উপজেলার মাকোড়কোলা গ্রামের লেদু সরকারের ছেলে বলে জানা গেছে।
নিহতের স্ত্রীর দাবী, গতকাল শুক্রবার রাতে তার স্বামী নিহত এমদাদুল তাকে মোবাইল করে জানায়, কয়েকজন তার কাছে ঋণ ও সুদের মোট ২০ হাজার টাকা পায়। কিন্তু, পাওনাদারেরা সুদ-আসলের সেই ২০ হাজার টাকার স্থলে সাড়ে ৩ লাখ টাকা দাবী করে চাপ সৃষ্টি করায় তার স্বামী মোবাইল ফোনে আত্মহত্যা করার কথা বলে ফোন রেখে দেয়। এরপর রাতে আর সে বাড়ী আসেনি। নিহত ইমদাদুলের বাম পায়ের হাটুর ওপর লাল কালি দিয়ে মৃত্যুর জন্য দায়ী কয়েকজন পাওয়ানাদারের নাম লেখা রয়েছে বলেও দাবি করেন নিহতের স্ত্রী।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঋণের টাকা দিতে না পারার কারণে আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম