রিপোর্টার্স২৪ডেস্ক : আজ থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। আসরে অংশ নিচ্ছে ১১ দেশ, যার মধ্যে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ ইরান এবং আয়োজক বাংলাদেশ। ঢাকায় ইতোমধ্যেই দশ অতিথি দল এসে পৌঁছেছে এবং তাদের সঙ্গে যোগ দিয়েছে স্বাগতিক বাংলাদেশ নারী দল।
সরকারী প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় নারী বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে আজ বিকেলে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ট্রফি উন্মোচন করেন। অনুষ্ঠানে ছিলেন ১১টি দেশের অধিনায়ক।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমার তিওয়ারি, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি বাহারুল আলম বিপিএম, সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ এবং অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়ক।
সোমবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের ম্যাচ।
দেশের ক্রীড়াঙ্গনে বাংলাদেশ-ভারতের ফুটবল ম্যাচ এখন আলোচনার তুঙ্গে। সেই ম্যাচ ঘিরে ভক্তদের হৃদয়ে কাজ করছে উত্তেজনা। এর আগেই ঘোষণা এলো- দুই প্রতিবেশী দেশের মধ্যে আরেকটি লড়াইয়ের।
রবিবার টুর্নামেন্টের ড্রয়ে জানা গেছে, এই টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত পড়েছে একই গ্রুপে। দুই দল মুখোমুখি হবে ১৯ নভেম্বর।
কাবাডির এই আসরের ‘এ’ গ্রুপে বাংলাদেশ লড়বে ভারত, থাইল্যান্ড, উগান্ডা ও জার্মানির বিপক্ষে। অন্যদিকে ৬ দেশ নিয়ে সাজানো ‘বি’ গ্রুপে রয়েছে ইরান, নেপাল, চাইনিজ তাইপে, পোল্যান্ড, কেনিয়া এবং জাঞ্জিবার। দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে।
প্রথম আসর হয়েছিল ভারতের পাটনায় ২০১২ সালে। সেই আসরে ভারত ফাইনালে ইরানকে ২৫-১৯ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। কাবাডিতে সেমিফাইনালে পরাজিত দলও ব্রোঞ্জ পদক পায়।
রিপোর্টার্স২৪/বাবি