নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকার সড়কের পাশে থামিয়ে রাখা একটি শ্রমিকবাহী বাসে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত দেড়টার দিকে ‘আল্লাহ ভরসা’ নামের বাসটির সামনের অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রথমে স্থানীয়রা চিৎকার শুরু করেন এবং দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
বাসের চালক নাসির জানান, দীর্ঘদিন ধরে শ্রমিক পরিবহন শেষে এ সড়কের পাশে গাড়ি রেখে বিশ্রাম নিতেন তারা। সেদিনও হেলপারকে নিয়ে বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাইরে হৈচৈ শুনে দরজা খুলে বের হয়ে দেখেন বাসের সামনে আগুন।
তিনি বলেন,ঘুমে থাকায় কারা আগুন দিল বুঝতে পারিনি। আর কখনো রাস্তার পাশে বাস রেখে ঘুমাব না। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, এটি রাসেল গার্মেন্টসের শ্রমিক পরিবহনকারী বাস। আগুন লাগার খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও স্থানীয়দের দ্রুত উদ্যোগে আগুন বেশিরভাগই নিভে যায়। তিনি জানান, আগুন চালকের সিটের সামনে থেকে ছড়িয়ে পড়তে শুরু করেছিল, তবে বড় কোনো ক্ষতি হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। কয়েকটি সিট ক্ষতিগ্রস্ত হলেও বাসটি অক্ষত রয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের তৎপরতার কারণে আগুন বড় আকার ধারণ করতে পারেনি। চালক ও হেলপারের সতর্কতা ও দ্রুত প্রতিক্রিয়া বাসটিকে রক্ষা করেছে। কারা এই আগুন লাগিয়েছে, তা শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে বলে তিনি জানান।
আগুন লাগার সময় দুইজন মানুষ ঘুমাচ্ছিলেন—এ তথ্য ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। নাশকতা, শত্রুতা নাকি অন্য কোনো উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছিল। তা জানতে তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪ / ঝুম