শেরপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলেই দেশের গরিব মেহনতি মানুষের উন্নয়ন হয়। তাই দেশকে এগিয়ে নিতে চাইলে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে।
তিনি ১৬ নভেম্বর রবিবার সন্ধ্যায় পৌর বিএনপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৭ বছরে এ দেশে কোনো উন্নয়ন হয়নি; শুধু দেশের টাকা পাচার করা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করেছে আওয়ামী লীগ। যার কারণে এত দিন আমি আপনাদের কাছে আসতে পারিনি।
তিনি বলেন, বিএনপি সব সময় নারীদের প্রাধান্য দেয় এবং নারীদের উন্নয়নে কাজ করে। আগামী নির্বাচনে সবাইকে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
সভায় সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেলের সহধর্মিণী ফরিদা হক দিপা, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক মো. ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহানুর রহমান সোহান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক মো. শাহিনুর রহমান শাহিন, আনিছুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফিসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন