রিপোর্টার্স২৪ডেস্ক : সোমবার (১৭ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে থানায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি জানান, আদালতের রায়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় শিক্ষার্থী ও প্রক্টরিয়াল টিম তাকে থানায় নিয়ে আসে। ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, আদালতের রায়কে অবমাননাকর মন্তব্য করেছেন লাভলু মোল্লাহ। তিনি আরও বলেন, ফাইলে কারচুপির অভিযোগে চার মাস আগে তাকে ডেপুটি রেজিস্ট্রারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
মহসিন হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সাদিক শিকদার বলেন, আদালতের রায়কে অবমূল্যায়ন করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার দাবি, জুলাই আন্দোলনের সময় লাভলু মোল্লার নেতৃত্বে রেজিস্ট্রার ভবনে একটি মিছিল হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, “লাভলুকে পুলিশের হাতে সোপর্দ করেছি। গণহত্যায় জড়িত শিক্ষকদের প্রসঙ্গেও আমাদের অবস্থান একই থাকবে। কেউ পক্ষ নেওয়ার চেষ্টা করলে তারও জবাব দিতে হবে।”
এদিকে জানা যায়, গ্রেফতার হওয়া লাভলু মোল্লাহ ছাত্রজীবনে মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি