রিপোর্টার্স২৪ডেস্ক: মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে উখিয়া রেঞ্জের হরিণমারা সংরক্ষিত বন থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজারের উখিয়ার বনে প্রায় ৩৫ বছর বয়সী পুরুষ হাতির শুঁড়ের চারপাশে বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে।
সকালে জমির পাশে হাতিকে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন স্থানীয়রা। বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, হাতিটির মৃত্যুর কারণ এখন পর্যন্ত বের করা সম্ভব হয়নি।
তবে ঘটনাটি সন্দেহজনক হওয়ায় ময়নাতদন্ত ও ল্যাব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি, আলামত এবং স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, মৃত হাতিটি পুরুষ এবং বয়স ৩০ থেকে ৩৫ বছর। শুঁড়ের চারপাশে বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলটি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে। আশপাশের অনেক বাড়িতেই অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এর পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত ১৩ মার্চ উখিয়া রেঞ্জের জুমছড়ি পাহাড়ি এলাকা থেকে একই বয়সী আরেকটা বন্যহাতির মরদেহ উদ্ধার করেছিল বন বিভাগ। হাতিটির মুখ দিয়ে রক্ত ঝরছিল। পরে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করে বন বিভাগ।
রিপোর্টার্স২৪/বাবি