রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্ব ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র পেলেকে এখন থেকে আরও নতুন রূপে দেখা যেতে পারে, কারণ নেইমারের বাবা পরিচালিত এনআর স্পোর্টস কোম্পানি সম্প্রতি কিংবদন্তি ফুটবলার পেলের ব্র্যান্ড ১৮ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০ কোটি ২৫ লাখ টাকা) কিনে নিয়েছে।
এর আগে ব্র্যান্ডটি স্পোর্টস ১০ নামে একটি আমেরিকান এজেন্সির হাতে ছিল। বুধবার (১৯ নভেম্বর) সান্তোসে অবস্থিত পেলে জাদুঘরে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড হস্তান্তরের অনুষ্ঠান হবে। উল্লেখযোগ্যভাবে, এই দিনটি পেলের এক হাজারতম গোলের বার্ষিকী যে গোলটি তিনি ৫৬ বছর আগে ভাস্কো বনাম সান্তোস ম্যাচে করেছিলেন।
পেলের ব্র্যান্ডে অন্তর্ভুক্ত রয়েছে তার চিত্র, নাম, পণ্যের লাইসেন্স, ঐতিহাসিক আর্কাইভ এবং অন্যান্য সম্পদ ব্যবহারের অধিকার। যদিও নতুন অংশীদারত্বের বিস্তারিত পরিকল্পনা এখনো প্রকাশিত হয়নি। নেইমারের বাবার এই উদ্যোগের পেছনে অন্যতম কারণ হলো ব্র্যান্ডের সীমিত ব্যবহার। ২৯ ডিসেম্বর ২০২২ সালে পেলের মৃত্যুর পর থেকে ব্র্যান্ডটি যথাযথভাবে ব্যবহার করা হয়নি। ইতোমধ্যে এনআর স্পোর্টস ভিলা বেলমিরোতে পেলের ভিআইপি বক্স পুনর্নির্মাণ করেছে, যা এখন পরিবারের ব্যবহারের জন্য খোলা থাকবে।
বিশ্লেষকদের ধারণা, নেইমারের হাতে থাকলে ব্র্যান্ডটি সান্তোস ক্লাবের সঙ্গে সম্পর্ক বজায় রেখে আরও কার্যকরভাবে ব্যবহৃত হবে। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনো কোনও মন্তব্য পাওয়া যায়নি, তবু পেলের মৃত্যুর পর ব্র্যান্ডটি সক্রিয় রাখতে সুযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করা হবে। জানা গেছে, এই পরিকল্পনায় নেইমার নিজেও সরাসরি যুক্ত আছেন, এবং পুরো প্রক্রিয়াতেও পেলের পরিবার অংশগ্রহণ করছে।
পেলের ব্র্যান্ডের বাজারমূল্য নিয়ে অনেকেই বিস্মিত। খবরটি প্রথম প্রকাশকারী ইউওএল-এর কলামিস্ট মিলটন নেভেস লিখেছেন, খেলাধুলার ইতিহাসের সর্বকালের সেরা ক্রীড়াবিদের ব্র্যান্ডের বাজারমূল্য এত কম কেন, তা বোঝা সত্যিই কঠিন। বাস্তবতা এমনই, বিশেষ করে ব্রাজিলে। পেলের মূল্য সবসময় তার প্রকৃত অবদানের চেয়ে কম ধরা হয়েছে, আর অনেক সময় তার পারফরম্যান্সের তুলনায় বেশি মূল্য পেয়েছে। এ ঘটনায় ফুটবলপ্রেমী ও ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, কারণ পেলের ব্র্যান্ড এখন নতুন ধারা এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনার মুখোমুখি।
রিপোর্টার্স২৪/ঝুম