স্টাফ রিপোর্টার: ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
বুধবার (১৯ নভেম্বর) মিজানুর রহমান আজহারী জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন— এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে খবরটি সঠিক নয়, এটি ‘গুজব’ বলে দাবি করছে জামায়াতের মিডিয়া বিভাগ।
কিন্তু জামায়াতের শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন নেতৃত্ব জানিয়েছেন, জামায়াতের পক্ষ থেকে আজহারীকে মনোনয়ন দেওয়া হলেও তিনি ব্যক্তিগত কারণ এবং দাওয়াতি কাজে মনোযোগ দেওয়ার জন্য নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এ সিদ্ধান্তে দলীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, তার ব্যাপক জনপ্রিয়তা ও তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করতে পারত। তবে এ প্রসঙ্গে আজহারীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আজহারীকে মনোনয়ন দেয়ার প্রসঙ্গ গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের বলেন, ‘জামায়াত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই।’
ঢাকা-৫ আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আসন্ন নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে দলটির নীতিনির্ধারকেরা পুনর্বিবেচনায় বসছেন বলে জানা গেছে। তবে এ আসন থেকে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামায়াতের হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব