রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে হারের পর ভারত কোচ খালিদ জামিল ভীষণ হতাশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাঁর ছোট ছোট বাক্যেই ফুটে ওঠে সেই হতাশা। তিনি বলেন, দল সেরাটা দিতে পারেনি, আর তাই ম্যাচের ফলও ভালো আসেনি।
মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে ১-০ গোলে বাংলাদেশের কাছে হারে ভারত। ম্যাচের দ্বাদশ মিনিটে একমাত্র গোলটি করেন শেখ মোরসালিন। ২০০৩ সালের পর আবারও বাংলাদেশের কাছে হারল ভারত।
পিছিয়ে পড়ার পর দল মানসম্মত ফুটবল খেলতে পারেনি বলে মনে করেন খালিদ। তবে প্রতিপক্ষের খেলোয়াড়দের—বিশেষ করে হামজা চৌধুরীর—প্রশংসা করলেন তিনি। প্রথমার্ধে লালিয়ানজুয়ালা চাংতের শট মাথা দিয়ে রুখে দলকে রক্ষা করেন হামজা। তবে ভারত কোচের মতে, ভালো খেলেছেন বাংলাদেশের সব খেলোয়াড়ই।
খালিদের ভাষায়, আমরা হেরেছি—এটা খুবই খারাপ, খুবই খারাপ। দুর্ভাগ্য বলে কিছু নেই। এটাই ফুটবল। তিন পয়েন্ট পেতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। আমাদেরও আরও বেশি পরিশ্রম করা প্রয়োজন ছিল। তিনি আরও বলেন, আমরা যে গোলগুলো খেয়েছি, সেগুলো এসেছে কাউন্টার-অ্যাটাক থেকে। গতকালই বলেছি, সব খেলোয়াড়ই ভালো—শুধু হামজা নয়।
ম্যাচে দুই দলের মধ্যে উত্তেজনাও দেখা যায়। প্রথমার্ধের শেষদিকে তপু বর্মনের একটি ফাউলকে কেন্দ্র করে দু’দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি হয়। তপু ও নারাভি নিখিল প্রভুকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে ভারত কোচ বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছেন।
তিনি বলেন, ফুটবলে এমনটা হয়। কখনো শারীরিক, কখনো অন্যভাবে। ফুটবল এমনই একটি খেলা।
রিপোর্টার্স২৪/বাবি