স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা হল প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। পাশাপাশি বাজেট ঘাটতিকে তারা হল সংসদগুলোর কার্যক্রম পরিচালনার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেছেন।
বুধবার সন্ধ্যা ৭টায় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু আয়োজিত হল সংসদ প্রতিনিধি সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন প্রতিনিধিরা।
শামসুন্নাহার হলের সহ-সভাপতি কানিজ কুররাতুল আইন বলেন, প্রতিটি ক্ষেত্রে হল প্রশাসন আমাদের ব্যাপক অসহযোগিতা করেছে। নিয়ম-কানুনের একগুচ্ছ বাধা আমাদের সামনে বসিয়ে দেওয়া হচ্ছে।
এফ রহমান হলের ভিপি রফিকুল ইসলাম অভিযোগ করেন, আমাদের প্রভোস্ট স্যারকে প্রায়ই পাওয়া যায় না।
সম্মেলনে প্রতিনিধিরা দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যার কথা উল্লেখ করেন। নারীদের হলের প্রতিনিধিরা জানান, বিভিন্ন সময় মাদকাসক্তদের মাধ্যমে শিক্ষার্থীরা উত্ত্যক্তের শিকার হন এবং দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান।
এ ছাড়া সব হলের প্রতিনিধিরা খাবারের মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তুকি প্রদান এবং বাবুর্চি নিয়োগের প্রস্তাব করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান প্রতিনিধিদের উত্থাপিত সমস্যা সমাধানে আশাবাদ ব্যক্ত করে বলেন, “অনেক পথ বাকি। অনেক ত্রুটি-বিচ্যুতি আছে। আজও আমরা অনেক না পাওয়ার কথা শুনলাম। আরও কী কী উন্নয়ন প্রয়োজন তা জানলাম। এসব বিষয়ে অধিকাংশ ক্ষেত্রেই কোনও বিতর্ক নেই।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সাইফ উদ্দিন আহমেদ।
রিপোর্টার্স২৪/বাবি