রিপোর্টার্স২৪ডেস্ক: ব্রাজিলে জাতিসংঘের কপ-৩০ জলবায়ু শীর্ষ সম্মেলনের একটি দেশের প্যাভিলিয়নে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে আমাজন নদীর ধারে বেলেম শহরে স্থাপিত বৃহদায়তন তাঁবুতে আয়োজিত সম্মেলনে হঠাৎ ধোঁয়া দেখা দিলে প্রতিনিধিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত দৌড়ে বাইরে বেরিয়ে আসেন।
আগুনের খবর পেয়ে অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাজিলের পর্যটনমন্ত্রী সেলসো সাবিনো জানিয়েছেন, আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণও নিশ্চিত হওয়া যায়নি।
কপ-৩০ আয়োজক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিনির্বাপক ও নিরাপত্তা দল দ্রুত সাড়া দিয়ে এলাকা নিরাপদ করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সম্মেলনস্থলের প্রবেশপথের কাছেই একটি দেশের প্যাভিলিয়নে আগুনের সূত্রপাত হয়।
দুই সপ্তাহব্যাপী সম্মেলনের আর মাত্র একদিন বাকি থাকায় জীবাশ্ম জ্বালানি, জলবায়ু অর্থায়ন ও বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার অচলাবস্থা ভাঙতে মন্ত্রীরা যখন চূড়ান্ত আলোচনায় ব্যস্ত ছিলেন, ঠিক তখনই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রিপোর্টার্স২৪/বাবি