শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় এক বহুতল পোশাক কারখানায় পদদলিত হয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশির ভাগই নারী।
স্থানীয়রা জানান, সকাল ১০টা ৩৮ মিনিটে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় অবস্থিত ডেনিমেক লিমিটেড কারখানায় এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা যখন কাজ করছিলেন, হঠাৎ ভূমিকম্প শুরু হয়। আতঙ্কিত হয়ে শ্রমিকরা ফ্লোর থেকে নামতে শুরু করলে কারখানার ফায়ার এলার্ম বাজে। তবে ফ্লোর থেকে নামার সময় বহির্গমন গেইট বন্ধ থাকায় পদদলনের ঘটনা ঘটে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার বলেন, ‘সকাল ১১টার দিকে আহতদের চিকিৎসা শুরু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে ৮০-৯০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৩ জনকে ভর্তি রাখা হয়েছে। এছাড়া ৬ জনকে গাজীপুর সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, ‘ভূমিকম্পের সময় শ্রমিকরা আতঙ্কিত হয়ে দরজা ও সিঁড়ির দিকে ছুটে গেলে এই ধরনের দুর্ঘটনা ঘটে। ভবনের কোনো কাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।’
কারখানায় পর্যাপ্ত জরুরি বহির্গমন পথ ছিল কি না এবং শ্রমিকদের নিয়মিত ভূমিকম্প বিষয়ক নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হয় কি না, এ বিষয়ে কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব