নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওছখালী জিরো পয়েন্ট এলাকায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের দলীয় প্রার্থী মাহবুবের রহমান শামীম এবং সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।
আজিমের অনুসারী হাতিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার হোসেন জানান, সন্ধ্যায় ওছখালী বাজারে শামীমের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে আজিম গ্রুপের পক্ষ থেকে মশাল মিছিলের আয়োজন করা হয়। তমরদ্দি এলাকা থেকে নেতাকর্মীরা ওছখালী আসার পথে শামীম অনুসারীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে বলে দাবি করেন তিনি। এতে প্রায় ১০ জন আহত হন। পরে আজিমপন্থীরা সংগঠিত হয়ে পাল্টা হামলা চালালে শামীমপন্থীরা পিছু হটে যায়। বর্তমানে তাদের বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।
অন্যদিকে শামীম অনুসারী হাতিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব কাউছার মোস্তফা অভিযোগ করেন, ধানের শীষের সমর্থনে তাদের মিছিল বের হওয়ার পর তমরদ্দি থেকে আসা আজিমপন্থীরা ওছখালী বাজার মোড়ে তাদের ওপর আকস্মিক হামলা চালায়। এতে তাদের ১০-১২ জন আহত হন। পরবর্তীতে আজিম অনুসারীরা শামীমপন্থী পৌর বিএনপির সাবেক সভাপতি মোকারম বিল্লাহ শাহদাতের বাসায় হামলা চালিয়ে ছররা গুলি ছোড়ে এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে দাবি করেন তিনি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে আহত হওয়ার বিষয়ে থানায় কোনো তথ্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/বাবি