স্টাফ রিপোর্টার: রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী ২৫ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত।
রোববার (২৩ নভেম্বর) আত্মপক্ষ সমর্থন শুনানি শেষে এ আদেশ দেন বিচারক। এদিন মামলার একমাত্র গ্রেপ্তার আসামি খুরশিদ আলম আদালতে নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগ অস্বীকার করেন।
গত ১৮ নভেম্বর শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে এ মামলায় সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। এরপর আজ (২৩ নভেম্বর) আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ পাওয়া প্লট বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা ও তার সন্তানদের নামে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল।
পরে চলতি বছরের জানুয়ারিতে প্লট বরাদ্দে অনিয়ম–দুর্নীতির অভিযোগে আলাদা ছয়টি মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেকে আসামি হন। গত ১০ মার্চ অভিযোগপত্র অনুমোদন করে দুদক।
অভিযোগপত্রে বলা হয়, ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে অনিয়মের মাধ্যমে পূর্বাচলের কূটনৈতিক জোনে প্লট বরাদ্দ নিয়েছিলেন, যদিও তারা বরাদ্দ পাওয়ার যোগ্য ছিলেন না।
গত ৩১ জুলাই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলাগুলোতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি।
রিপোর্টার্স২৪/এসসি