রিপোর্টার্স ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুই পর্বে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
রোববার (২৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম পর্বে ৪০টি এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় পর্বে আরও ৪০টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে আলোচনা করবে ইসি।
ইসি সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়। পরে নতুন ১৬টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি-আপত্তি আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। এসব সংস্থার মধ্যে ১৫টি নিবন্ধন পাবে বলে জানা গেছে। এভাবে চূড়ান্ত ৬৬টির সঙ্গে নতুন ১৪টি যোগ হয়ে সংলাপে অংশ নিচ্ছে ৮০টি সংস্থা। শুনানি শেষে আরও একটি সংস্থা যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
ইসির উদ্যোগে এর আগে সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সূত্র আরও জানায়, নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজনেরও প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/আরকে