রিপোর্টার্স২৪ ডেস্ক: লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কনফারেন্স কাপের ফাইনালে উঠেছে।
সোমবার (২৪ নভেম্বর) ভোরে সেমিফাইনালে এফসি সিনসিনাটিকে ৪-০ গোলে হারায় ইন্টার মায়ামি। ম্যাচে মেসি একটি গোল করার পাশাপাশি হ্যাটট্রিক অ্যাসিস্ট করেছেন। আর্জেন্টাইন উইঙ্গার তাদিও আলেন্দে জোড়া গোল করেন, আর ১৯ বছর বয়সী উইঙ্গার মাতেও সিলভেত্তিও একটি গোল ও একটি অ্যাসিস্টে অবদান রাখেন।
ম্যাচের ১৯ মিনিটে প্রতিপক্ষের মাঠে গোল করেন ইন্টার মায়ামি। সিলভেত্তির দারুণ ক্রসে মেসি মাথা ব্যবহার করে বল জড়িয়ে দেন, যা এমএলএসে এই মৌসুমে তার ৩৫তম গোল। ফর্মে থাকা মেসি সর্বশেষ আট ম্যাচে ১১ গোল করেছেন।
৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। মেসির অ্যাসিস্টে সিলভেত্তি প্রথম স্পর্শেই দূরের পোস্টে বল পাঠান, যা তার ক্লাবের প্রথম গোল। এরপর ৬২ ও ৭৪ মিনিটে আলেন্দে দলের তৃতীয় ও চতুর্থ গোল করেন, যার মধ্যে ৭৪ মিনিটের গোলটি মেসির অসাধারণ থ্রু-পাস থেকে আসে। মেসির এই অসাধারণ সহায়তার কারণে তিনি এখন ফুটবল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক।
রিপোর্টার্স২৪/ঝুম