রিপোর্টার্স২৪ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রোমাঞ্চকর টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় জানিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল। দোহায় অ্যাসপায়ার জোনে সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি শুটআউটে ইউরোপের দেশটি ৬–৫ গোলে জয় পায়। ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া।
টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার শিরোপার কাছে যাওয়ার সুযোগ পাচ্ছে পর্তুগাল। অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামা ব্রাজিলকে শেষ পর্যন্ত ভাগ্যের কাছে হার মানতে হয়।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে পর্তুগাল ছয়টি এবং ব্রাজিল আটটি শট নিলেও কেউই জালের দেখা পায়নি। বিরতির পরও সুযোগ তৈরি হয়, কিন্তু গোলহীন থেকে যায় ম্যাচ।
নিয়মিত ৯০ মিনিট গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে, কারণ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় নেই। প্রথম পাঁচ শটে দুই দলই নিখুঁত ছিল। এরপর শুরু হয় নাটক। পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া নিজের শটে ব্যর্থ হলেও পরে ব্রাজিলের রুয়ান পাবলোর শট দারুণভাবে ঠেকিয়ে দলকে ম্যাচে ফেরান।
শেষ পর্যন্ত সাডেন ডেথে পর্তুগাল গোল করে এগিয়ে যায় এবং ব্রাজিলের অ্যাঞ্জেলো শট তুলে মেরে সুযোগ নষ্ট করলে শেষ হয় তাদের স্বপ্ন। পর্তুগিজ শিবিরে তখনই শুরু হয় উৎসব।
এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়া ২–০ গোলে ইতালিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। ফলে আগামী বৃহস্পতিবার, ২৭ নভেম্বর অস্ট্রিয়া ও পর্তুগালের মধ্যে গড়া পড়বে শিরোপা লড়াই। একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইতালি।
রিপোর্টার্স২৪/বাবি