রাঙ্গামাটি প্রতিনিধি : প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য, নিয়োগ বাণিজ্য এবং প্রশ্নফাঁসের অভিযোগের প্রতিবাদে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলা পরিষদের মূল ফটকে তালা দিয়ে আন্দোলনকারীরা অবস্থান নেন।
আন্দোলনকারীদের দাবি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটা নিশ্চিত করে শিক্ষক নিয়োগ দিতে হবে। তাঁরা আরও অভিযোগ করেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে অনিয়ম চলে আসছে কোটা বণ্টনে বৈষম্য, নিয়োগ বাণিজ্য, প্রশ্নপত্র ও ফলাফল জালিয়াতির ঘটনাও আছে বলে তারা দাবি করেন। এসব অভিযোগের মুখে জেলা পরিষদ ইতিমধ্যে চতুর্থ দফায় নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে।
আন্দোলনকারীরা জানায়, তাঁদের ৬ দফা দাবি মেনে চলতি নভেম্বরের মধ্যেই পরীক্ষা আয়োজন করতে হবে। তা না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি অবরোধ ও হরতালে যাওয়ার ঘোষণা দেন। তবে এখনো প্রশাসন বা জেলা পরিষদ থেকে কোনো নিশ্চয়তা পাননি বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, নিয়োগ ইস্যুতে বিবাদমান দুই পক্ষই পৃথকভাবে স্মারকলিপি দিয়েছে। দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পরই নিয়োগসংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে দ্বিতীয় দিনের শাটডাউনে জেলা পরিষদের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। পরিষদে সেবা নিতে আসা অনেক মানুষকে ফিরে যেতে দেখা গেছে।
রিপোর্টার্স২৪/এসএন