রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহতভাবে জটিল আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬৩৩ জন রোগী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১২৬ জন, ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩৬ জন, দক্ষিণ সিটিতে ৮১ জন, খুলনা বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।
এ সময়ে হাসপাতাল থেকে মোট ৬৯১ জন ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৮৮ হাজার ৯৪৯ জন ভর্তি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৫ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ৬০২ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুসহ এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৭ জনে।
রিপোর্টার্স২৪/আরকে