কুড়িগ্রাম প্রতিনিধি: মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পরিবর্তন করা হলো কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির। রোকনদের প্রত্যক্ষ ভোটে নতুন আমির নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক ফ্যাকাল্টি সভাপতি ও সাবেক জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা কার্যালয়ে তাকে শপথ পাঠ করানো হয়। শপথ গ্রহণের সময় নবনির্বাচিত আমির আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
পদ পরিবর্তনের কারণ সম্পর্কে দলীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও পূর্ব থেকেই আমির পরিবর্তন নিয়ে কানাঘুষা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। কেন্দ্রের নির্দেশে উপনির্বাচন আয়োজনের পর স্বপন রোকনদের ভোটে সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন আমির নির্বাচিত হন। শপথ পাঠ করান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দীন।
২০১৯ সাল থেকে দায়িত্ব পালনকারী বিদায়ী আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রুকনদের ভোটে নতুন আমির নির্বাচিত হয়েছেন। অন্য কোনো বিষয় নেই। শপথের পর থেকেই তিনি দায়িত্ব পালন শুরু করেছেন। আমাকে কেন্দ্রীয় ইউনিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবনির্বাচিত আমির আজিজুর রহমান স্বপন জানান, রুকনদের ভোটে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়েছি। সর্বোচ্চ গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোর পক্ষে মানুষের ‘সেন্টিমেন্ট’ কাজ করছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতো জাতীয় নির্বাচনেও মানুষ ইসলামমনাদের পক্ষে রায় দেবে- আমরা চারটি আসনেই বিজয়ের আশাবাদী।
আজিজুর রহমান স্বপন ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ১৯ বছর জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগেই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ফ্যাকাল্টি সভাপতি ছিলেন। দক্ষ সংগঠক হিসেবে পরিচিত স্বপনের ছেলে আসিফ আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য।
রিপোর্টার্স২৪/আরকে