রিপোর্টার্স২৪ডেস্ক: আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঘোষিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। একই দিনে মুম্বাইয়ে শিরোপাধারী ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। দিনের প্রথম ম্যাচ পাকিস্তান-নেদারল্যান্ডস, আর কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ম্যাচ থাকায় বিশ্বকাপের উদ্বোধনী দিনেই ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকবে তুঙ্গে।
বিশেষ বিধান: নকআউটে ভেন্যু পরিবর্তন
এবারের আসরে সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু অংশগ্রহণকারী দলের অগ্রগতির ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। পাকিস্তান ফাইনালে উঠলে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে কলম্বোয়। তারা না উঠলে ৮ মার্চের ফাইনাল আয়োজন করা হবে আহমেদাবাদে। ভারত সেমিতে উঠলে ম্যাচ হবে মুম্বাইয়ে। আর ভারত-পাকিস্তান সেমিফাইনাল হলে ম্যাচ সরাসরি যাবে কলম্বোয়।
গ্রুপ এ: ভারত-পাকিস্তান মুখোমুখি ১৫ ফেব্রুয়ারি
ভারত, পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র এই গ্রুপে দুই এশীয় দলই ফেভারিট। তবে গত আসরে পাকিস্তানকে হারানো যুক্তরাষ্ট্র এবারও চমক দেখাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচটি হবে ১৫ ফেব্রুয়ারি, কলম্বোয়।
গ্রুপ বি: কঠিন পরীক্ষায় স্বাগতিক শ্রীলঙ্কা
অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমানের সঙ্গে পড়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ আয়ারল্যান্ড। জিম্বাবুয়ে ফিরেছে নতুন উদ্যম নিয়ে ফলে এই গ্রুপটি যে মোটেও সহজ নয়, সূচি প্রকাশের পরই তা স্পষ্ট।
গ্রুপ সি: ইংল্যান্ড-উইন্ডিজের চ্যালেঞ্জে বাংলাদেশ
বাংলাদেশের গ্রুপ সম্ভাবনা ও চ্যালেঞ্জে ভরা। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুটি দলই দুইবার করে শিরোপাজয়ী। নেপাল ও বিশ্বকাপ নবাগত ইতালিকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
গ্রুপ ডি: ‘গ্রুপ অফ ডেথ’
দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে ডি গ্রুপকে ইতোমধ্যেই ‘গ্রুপ অফ ডেথ’ বলা হচ্ছে। কানাডা ও সংযুক্ত আরব আমিরাত থাকলেও এখানে প্রতিটি ম্যাচই হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
সুপার এইট ও নকআউট পর্বের নিয়ম
প্রতি গ্রুপের সেরা দুই দল উঠবে সুপার এইটে, সেখান থেকে শীর্ষ দুটি দল যাবে সেমিফাইনালে। নকআউটে ভেন্যু পরিবর্তনের নিয়ম কার্যকর হবে ভারত ও পাকিস্তানের অগ্রগতির ওপর নির্ভর করে।
পাকিস্তান সেমিতে উঠলে তাদের সব নকআউট ম্যাচ কলম্বোয়
ভারত-পাকিস্তান সেমি হলে ভেন্যুও কলম্বো
পাকিস্তান বাদ পড়ে শ্রীলঙ্কা সেমিতে উঠলে শ্রীলঙ্কার ম্যাচ কলকাতায়
দুই দলই বাদ পড়লে প্রথম সেমি কলকাতা, দ্বিতীয়টি মুম্বাইয়ে
২০২৬ টি-২০ বিশ্বকাপ শুধু ক্রিকেট লড়াই নয়, এর সাথে জড়াবে রাজনৈতিক উত্তাপ, দর্শকের বাড়তি প্রত্যাশা ও ভেন্যু বিতর্ক।
ভারত কি শিরোপা ধরে রাখতে পারবে? পাকিস্তান কি আবারও চমক দেখাবে? বাংলাদেশ কি পৌঁছাতে পারবে সুপার এইটে? সব প্রশ্নের উত্তর মিলবে ফেব্রুয়ারি-মার্চের ৩৩ দিনের লড়াই শেষে।
রিপোর্টার্স২৪/বাবি