যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাস সংলগ্ন এলাকায় নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। যৌথবাহিনী রাত পর্যন্ত অভিযান চালিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদের দাবি, এক নারী শিক্ষার্থী স্থানীয় বাজারে মোবাইল মেরামতের জন্য দিলে পরদিন সেটি আনতে গেলে দোকানদার তাকে উত্ত্যক্ত করে। বিষয়টি ছাত্রদের জানালে তারা দোকানে গিয়ে প্রতিবাদ করে। এ সময় দোকানদারকে মারধরের ঘটনা ঘটলে উত্তেজনা বাড়ে।
অন্যদিকে স্থানীয় গ্রামবাসী জানায়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হামলার পর থেকেই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। সন্ধ্যার পর ঘটনাস্থলে কয়েকটি গ্রামের মানুষ জড়ো হয়ে মাইকিং করে ছাত্রদের ধাওয়া করতে থাকে। এরপর পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষের জেরে যশোর-চৌগাছা সড়কে স্থানীয়রা বড় গাছ ফেলে ব্যারিকেড দিলে দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাত ৯টার দিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে সড়ক থেকে বাধা অপসারণ ও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু করে।
প্রশাসনের কড়া নজরদারি সত্ত্বেও রাত পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।
রিপোর্টার্স২৪/আরকে