লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ইউসুফ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার রাতে ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউসুফ আলী রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাইজের বাড়ির মৃত এরশাদ হোসেনের ছেলে।
প্রেস ব্রিফিংএ র্যাব জানান, নিহত ব্যবসায়ী আনোয়ারের সাথে দোকান বাকী নেওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। ঘটনার দিন সকালে ইউসুফ ৩/৪ জনকে নিয়ে আনোয়ারের দোকানে বাকীতে মালামাল নিতে যায়। তখন আনোয়ার ইউসুফের কাছে পূর্বের বাকীর টাকা চায় এবং নতুন করে বাকী দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে উভয়ের মাঝে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ইউসুফসহ তার সাথে থাকা অন্যান্যরা আনোয়ারের বুকে, পেটে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আনোয়ারের চিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের স্ত্রী ফারজানা আক্তার সাথী (৩৫) বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ইউসুফকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান।
রিপোর্টার্স২৪/মিতু